পাঠ ১: আমার পরিচয়
পাঠ নির্দেশনা
- শিক্ষক/অভিভাবক পাঠ শুরুর পূর্বে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে রাখবেন এবং পাঠদানের পরিবেশ সৃষ্টির জন্য আনন্দদায়ক কোনো কাজ করাবেন।
- শোনা ও বলার দক্ষতা যাচাইয়ের জন্য শিক্ষক/অভিভাবক অবশ্যই স্পষ্ট স্বরে শিক্ষার্থীকে বাক্যগুলো শোনাবেন।
- একাধিকবার শোনার পর শিক্ষার্থী শুদ্ধ উচ্চারণে ও স্পষ্ট স্বরে নিজের পরিচয় বলতে পারছে কি না তা যাচাই করে নেবেন।
পাঠটি পড়ে যা শিখতে পারবে—
- ২.১.২ আদেশ শুনে বুঝতে ও পালন করতে পারবে।
- ২.১.৩ সাধারণ নির্দেশনা শুনে অনুসরণ করতে পারবে।
- ৬.১.২ স্পষ্ট স্বরে পারিবারিক ও বিদ্যালয়ের পরিবেশে পরিচিতিমূলক সাধারণ প্রশ্ন করতে পারবে।
- ৬.১.৩ স্পষ্ট স্বরে পারিবারিক ও বিদ্যালয়ের পরিবেশে প্রশ্নের উত্তর দিতে পারবে।
পাঠ সম্পর্কে জেনে নিই
নিজের সম্পর্কে কিছু বলাকে পরিচয় বলে। পরিচয় দেওয়ার সময় নিজের নাম, কোন শ্রেণিতে পড়ি, বিদ্যালয়ের নাম ইত্যাদি বলতে হয়। আরও কিছু বলতে হলে বাবার নাম, মায়ের নাম, বয়স, ভাই ও বোনের সংখ্যা, নিজ গ্রামের নাম ইত্যাদি বলতে হয়।
পাঠের কঠিন শব্দগুলো শুনি ও বারবার বলি
প্রথম | শ্রেণি | পড়ি | নম্বর | বিদ্যালয়
বোর্ড বইয়ের অনুশীলন
এখানে রয়েছে বোর্ড বইয়ের পাঠটির সকল কাজ, অনুশীলন এবং নিজে করি অংশের প্রশ্ন ও উত্তর। এছাড়াও সকল অসম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।
আমার পরিচয় (বোর্ড বই পৃষ্ঠা-১)
আমার নাম _____ আমি প্রথম শ্রেণিতে পড়ি। আমার রোল নম্বর _____ আমার বিদ্যালয়ের নাম _____।
নমুনা উত্তর
আমার নাম লিজা। আমি প্রথম শ্রেণিতে পড়ি। আমার রোল নম্বর এক। আমার বিদ্যালয়ের নাম মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মূল্যায়ন প্রস্তুতির জন্য আরও কিছু শিখি
মূল্যায়ন প্রস্তুতির জন্য এখানে সম্ভাব্য সব ধরনের প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো অনুশীলন করলে পাঠটির ওপর তোমার প্রস্তুতি সম্পন্ন হবে। উত্তর দেখার আগে নিজে চেষ্টা করো।
প্রশ্নের ধরন | নিচের প্রশ্নগুলোর উত্তর শুনি ও বলি (শোনা, বলা)
প্রশ্ন ১: নিজেদের পরিচয় বলি। (জ্ঞান)
নমুনা উত্তর
- ক. আমার নাম সায়মা। আমার বয়স ৬ বছর।
- খ. আমি প্রথম শ্রেণিতে পড়ি।
- গ. আমি প্রভাতি শাখায় পড়ি।
- ঘ. আমার রোল নম্বর ১।
- ঙ. আমার বিদ্যালয়ের নাম মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রশ্ন ২: নিচের ছবিটি দেখে প্রশ্নগুলোর উত্তর বলি। (দক্ষতা)
- ক. ছবিতে কতজন মানুষ রয়েছে?
- খ. ছেলেটির হাতে কী বই?
- গ. পাখিগুলো কী করছে?
- ঘ. বিদ্যালয়ের কোথায় জাতীয় পতাকা উড়ছে?
- ঙ. বিদ্যালয়ের পেছনের দিকে কী রয়েছে?
উত্তর:
- ক. ছবিতে চারজন মানুষ রয়েছে।
- খ. ছেলেটির হাতে 'আমার বাংলা বই'।
- গ. ছবিতে দুইটি পাখি উড়ছে এবং দুইটি পাখি দাঁড়িয়ে আছে।
- ঘ. বিদ্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়ছে।
- ঙ. বিদ্যালয়ের পেছনের দিকে গাছ রয়েছে।
প্রশ্ন ৩: শব্দ বলি ও এর অর্থ শিখি। (জ্ঞান)
বিদ্যালয় – স্কুল। নম্বর – সংখ্যা। শ্রেণি – ক্লাস।
প্রশ্ন ৪: প্রশ্ন শুনে মুখে মুখে উত্তর বলি। (দক্ষতা)
- ক. বিদ্যালয়ের প্রথম দিন তোমার কেমন লেগেছে?
- খ. তোমার কি নতুন বন্ধু হয়েছে?
- গ. তোমার বন্ধুর নাম কী?
- ঘ. বিদ্যালয়ে তুমি আজ কী কী করেছ?
- ঙ. প্রথম শ্রেণিতে তোমার কয়টি বই?
নমুনা উত্তর
- ক. বিদ্যালয়ের প্রথম দিন আমার ভালো লেগেছে।
- খ. হ্যাঁ, আমার নতুন বন্ধু হয়েছে।
- গ. আমার বন্ধুর নাম অমি।
- ঘ. বিদ্যালয়ে আজ আমি খেলেছি ও পড়েছি।
- ঙ. প্রথম শ্রেণিতে আমার তিনটি বই।
শিখনকালীন/শ্রেণি মূল্যায়ন প্রস্তুতি যাচাই
পাঠের শিখনকালীন/শ্রেণি মূল্যায়ন প্রস্তুতি যাচাইয়ের জন্য এ নমুনা প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে। পূর্ণমান ২০।
১. নির্দেশনা শুনে মুখে মুখে বলো ও লেখো। (১০)
আমার নাম _____। আমার রোল নম্বর _____। আমার শাখা _____। আমার বিদ্যালয়ের নাম _____। আমার বয়স _____।
২. এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ লেখো। (১০)
- র মা আ = ক. _____
- থ প্র ম = খ. _____
- ম্ব ন র = গ. _____
উত্তরমালা
১. আমার নাম রিফাত। * আমার রোল নম্বর দুই। * আমার শাখা প্রভাতি। * আমার বিদ্যালয়ের নাম ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।* আমার বয়স ৬ বছর।* (প্রত্যেকে নিজের নাম-পরিচয় ইত্যাদি বলবে ও লিখবে।)
২. ক. আমার খ. প্রথম গ. নম্বর
